• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন
  • [gtranslate]

নেত্রকোনায় ট্রেনের ধাক্কায় দুই শ্রমিক নিহত

।।নেত্রকোনা প্রতিনিধি।। / ৪৭৫ Time View
Update : শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬

নেত্রকোনায় ঘুরতে বের হয়ে ট্রেনের ধাক্কায় অটো রাইস মিলের দুই শ্রমিক নিহত হয়েছেন।

শনিবার (১০ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জেলার সদর উপজেলার চল্লিশা রেল স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার মালিজাকান্দা গ্রামের লুৎফর রহমানের ছেলে রাসেল ইসলাম (২৫) এবং দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলার ছোটবাউল গ্রামের সন্তোষ রায়ের ছেলে আকাশ রায় (২৪)। তারা দুজনই চল্লিশা এলাকায় জীবন কুমার সাহার মালিকানাধীন ‘তমাল তন্ময়’ অটো রাইস মিলে কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও নিহতদের সহকর্মীরা জানান, রাসেল ও আকাশ গত প্রায় এক বছর ধরে ওই রাইস মিলে কাজ করছিলেন। শনিবার বিকেলে কাজ না থাকায় তারা রেললাইনের পাশের খোলা জায়গায় ঘুরতে বের হন। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রেললাইন ধরে ফেরার সময় ঢাকা থেকে ছেড়ে আসা নেত্রকোনাগামী আন্তঃনগর ‘মোহনগঞ্জ এক্সপ্রেস’ ট্রেনটি তাদের ধাক্কা দেয়। এতে তারা ছিটকে পড়ে মাথা ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পান।

ঘটনাটি দেখে স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে তাদের উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। তবে সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. শ্রদ্ধানন্দ নাথ তাদের মৃত ঘোষণা করেন। তিনি জানান, হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে। উভয়ের মাথা ও শরীরে মারাত্মক জখমের চিহ্ন রয়েছে।

 

নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল মামুন সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, খবর পেয়ে পুলিশ হাসপাতালে ও দুর্ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটির সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd