সাভারে জমিসংক্রান্ত বিরোধের জের ধরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ৪ জন গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনকে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে গেন্ডা এলাকার শিরিন আক্তারের মালিকানাধীন তিন শতাংশ জমি ক্রয়ের জন্য মো. তাইজুদ্দিন ও তার ছোট ভাই কোরবান আলী বায়না করার পর থেকে দুই পক্ষের মধ্যে বিবাদ শুরু হয়।
অভিযোগে বলা হয়, সাভার পৌর বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক আশরাফুল ইসলাম আরিফ ও তার সহযোগীরা জমি বায়নাকারীদের কাছ থেকে দুই লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দেওয়ায় ওই দিন বায়নাকারীদের বাসায় রামদা, লোহার রড, চাপাতি ও সুইচ গিয়ারের মতো দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালানো হয়।
হামলায় মো. তাইজুদ্দিন (৬৭), তার চাচাতো ভাই কোরবান আলী (৪৫), ভাতিজা মো. সজিব হোসেন (২৩) ও মো. আলিফ (২০) গুরুতর আহত হন। আহতরা সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
ভুক্তভোগী মো. তাইজুদ্দিন সাভার মডেল থানায় লিখিত অভিযোগ দাখিল করেছেন। আহত কোরবান আলী বলেন, আশরাফুল ইসলাম আরিফ ও তার সহযোগীরা চাঁদা না দেওয়ায় আমাকে হত্যার উদ্দেশ্যে মারধর করেছে এবং আমার জমির গ্যাস রাইজার বন্ধ করার হুমকি দিয়েছে।
অন্যদিকে, অভিযোগ অস্বীকার করে আশরাফুল ইসলাম আরিফ জানান, জমিসংক্রান্ত একটি বিচারের জন্য ঘটনাস্থলে গেলে তাইজুদ্দিন ও কোরবান আলীর লোকজন আমাদের ওপর হামলা চালায়। আমাদের পক্ষ থেকেও কয়েকজন আহত হয়েছে। আমরা থানায় অভিযোগ করেছি।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমান আলী বলেন, জমি বিরোধের জের ধরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। উভয় পক্ষ থানায় অভিযোগ করেছে এবং মামলা হিসেবে নথিভুক্ত করা হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।